পুরুষের প্রতি আইনি বৈষম্য বন্ধ ও মানবাধিকার সুরক্ষার দাবিতে রাজধানীতে সাইকেল র্যালি, পদযাত্রা ও আলোচনা সভার আয়োজন করেছে এইড ফর মেন ফাউন্ডেশন। আন্তর্জাতিক পুরুষ দিবস উপলক্ষে বুধবার আয়োজিত দিনব্যাপী এসব কর্মসূচির মূল লক্ষ্য ছিল দেশে পুরুষ অধিকার নিয়ে সচেতনতা তৈরি করা এবং আইনি ও সামাজিক কাঠামোয় পুরুষদের প্রতি বিদ্যমান বৈষম্যের বিষয়ে জাতীয় আলোচনার সূচনা করা।
কর্মসূচিতে বক্তারা বলেন, সমাজে পুরুষদের ন্যায্য অধিকার আজও উপেক্ষিত। মিথ্যা অভিযোগ, আইনি বৈষম্য ও সামাজিক ভুল ধারণার কারণে বহু পুরুষ অমানবিক পরিস্থিতির শিকার হচ্ছে। তারা বলেন, পুরুষও পরিবার, সমাজ ও রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ অংশ—এবং তাদের নিরাপত্তা, মর্যাদা ও মানবাধিকার রক্ষায় সময় এসেছে নীতিনির্ধারকদের গুরুত্বের সাথে এগিয়ে আসার।
সংগঠনের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম নাদিম বলেন,
“দেশে পুরুষরা অবহেলার চরম অবস্থায় পৌঁছেছে। অধিকার তো দূরের কথা—প্রতিটি পদে পদে তারা বৈষম্যের মুখোমুখি হচ্ছে। আসন্ন নির্বাচনে রাজনৈতিক দলগুলোর ইশতেহারে যদি পুরুষের অধিকার অন্তর্ভুক্ত না থাকে, তাহলে আমরা সেই দলকে সমর্থন করব না।”
আলোচনা সভার মূল বিষয় ছিল ‘মিথ্যা অভিযোগ থেকে শারীরিক আক্রমণ: পুরুষের নিরাপত্তা ও মানবাধিকার সংকট’। এইড ফর মেন ফাউন্ডেশনের মতে, মিথ্যা মামলা, পারিবারিক বিরোধ, আর্থিক ও সামাজিক চাপে প্রতি বছর অসংখ্য পুরুষ শিকার হচ্ছে মানবাধিকার লঙ্ঘনের—যা একটি উদ্বেগজনক সামাজিক সংকেত।
সংগঠন থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, যদিও আন্তর্জাতিক প্রতিপাদ্য ছিল “Supporting Men and Boys,” বাংলাদেশে এইড ফর মেন ফাউন্ডেশনের প্রধান দাবি ছিল—
“পুরুষের প্রতি আইনি বৈষম্য বন্ধ করা।”
পুরুষদের আইনি সহায়তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে সংগঠনটি সারা বছর নানা সভা-সেমিনার ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে।
দিনের শুরুতে সকাল ৮টায় জাতীয় জাদুঘরের সামনে থেকে বিডি ট্যুরিস্ট সাইক্লিস্ট–এর সহযোগিতায় সাইকেল র্যালির উদ্বোধন করেন সাবেক সচিব পীরজাদা হারুন। সকাল ১০টায় শিল্পকলা একাডেমি থেকে শুরু হওয়া শোভাযাত্রা ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গিয়ে শেষ হয়। পরে সেগুনবাগিচায় ডিআরইউ মিলনায়তনে সকাল ১১টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন লেখক ও সাংবাদিক তোশাররফ আলী, সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট কাউসার হোসেন, অ্যাডভোকেট জাকির হোসেন, ট্যাক্স ল’ইয়ার রাশেদ করিম, নাট্য নির্মাতা হিমেল ইসাক ও মানবাধিকার কর্মী মনিরুল ইসলাম মনির। সভাপতিত্ব করেন ড. আব্দুর রাজ্জাক খান এবং সঞ্চালনা করেন ঢাকা জেলা কমিটির সহ-সভাপতি ইফতেখার আহমেদ। আলোচনা অনুষ্ঠানে আরও ছিলেন ঢাকা জেলা কমিটির কেন্দ্রীয় কমিউনিটি অর্থ সম্পাদক আলামিন হোসাইন, ঢাকা জেলা কমিটির সভাপতি হাদিউজ্জামান পলক, দপ্তর সম্পাদক ইয়াসির আরাফাত প্রমুখ।