মণিরামপুর সরকারি উচ্চ বালক বিদ্যালয় মাঠে ১৮ এপ্রিল ২০২৫ বিকাল ৩:০০ ঘটিকায় অনুষ্ঠিত হয় মণিরামপুর পৌর ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫-এর পয়েন্ট ভিত্তিক খেলার মেগা ফাইনাল। জমজমাট এই ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় মণিরামপুর ও কামালপুর ওয়ার্ডের যৌথ টিম বনাম জুড়ানপুর ওয়ার্ড।
প্রথমে ব্যাট করে মণিরামপুর ও কামালপুর যৌথ টিম নির্ধারিত ১৫ ওভারে সংগ্রহ করে বিশাল ১৭৯ রান। জবাবে ব্যাট করতে নেমে জুড়ানপুর ১৬১ রানে অলআউট হয়ে যায়। ফলে ১৮ রানের বড় জয় নিয়ে চ্যাম্পিয়নের মুকুট ছিনিয়ে নেয় সবুজ বিশ্বাস এর অধিনায়কত্বে মণিরামপুর-কামালপুর যৌথ টিম। ম্যান অব দ্যা ফাইনাল হন মো: সালাউদ্দিন রাফি।
এই জয় তাদের দুর্দান্ত পারফরম্যান্স ও টিমওয়ার্কের ফল, যা পুরো মাঠের দর্শকদের মুগ্ধ করে। ফাইনাল ম্যাচে খেলোয়াড়দের প্রতিটি মুহূর্তে উত্তেজনা ও প্রাণচাঞ্চল্য ছিল চোখে পড়ার মতো।
উল্লেখ্য, মো এস আই নাসিম (আনারুল) পুরো ক্রিকেট টুর্নামন্টে এর সর্বোচ্চ রান সংগ্রাহক এবং ম্যান অব দ্যা সিরিজ এর পুরস্কার জেতেন। জুড়ানপুর ওয়ার্ড এর আসিফ টুর্নামেন্ট এর সর্বোচ্চ উইকেট সংগ্রহ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মণিরামপুর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট শহীদ মোঃ ইকবাল হোসেন বলেন,
"খেলা ধূলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল। বর্তমান প্রজন্মের যুবকদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলার কোনো বিকল্প নেই। দুই যুগ পর আবার মণিরামপুরে এভাবে খেলাধুলার মাঠে প্রাণ ফিরে এসেছে। এই ধারাকে আমাদের অব্যাহত রাখতে হবে। আমি সর্বদা খেলাধুলার পক্ষে ও জনগণের পাশে থাকব।"
এসময় তিনি খেলোয়াড়দের উৎসাহিত করেন এবং তরুণদের মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলাকে হাতিয়ার হিসেবে নেওয়ার আহ্বান জানান।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ, খেলোয়াড়, দর্শক ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। পুরো মাঠে ছিল উৎসবমুখর পরিবেশ।